রাজধানীর কদমতলীতে বখাটেদের উত্ত্যক্ত সহ্য করতে না পেরে এক নারী গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম শোভা আক্তার। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
শোভার মা জানান, কদমতলী থানার খোরশেদ আলী সরদার রোডের ১৭৭১/১ নম্বর বাড়ির নিচ তলায় তিন মেয়ে ও দুই ছেলে নিয়ে তিনি ভাড়া থাকেন। তার তৃতীয় সন্তান শোভা স্থানীয় এক গার্মেন্টসে চাকরি করে। মঙ্গলবার রাত ১০টার দিকে লোডশেডিংয়ের সময় বাড়ির মালিকের স্ত্রী পাশের গলিতে তার মেয়ের বাসা থেকে ঠাণ্ডা পানি আনতে বলেন। শোভা ঐ বাসায় যাবার পথে গলির ভিতর বখাটে যুবকরা তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে শোভা আত্মরক্ষার্থে এক যুবককে লক্ষ্য করে স্যান্ডেল ছুঁড়ে মারে। এতে ঐ যুবকরা তাকে মারধর করে।
রাত ১১টার দিকে তাদের বাসার রুমের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে শোভাকে ঝুলে থাকতে দেখে পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে তিনটার দিকে চিকিত্সকরা শোভাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি মাদারিপুরের শিবচর এলাকায়।
কদমতলী থানার ওসি জানায়, এ ঘটনায় শোভার বাবা মামলা দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে মাসুম নামে একজনকে আটক করেছে। ঘটনাটি তদন্ত চলছে।
