শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে এই অস্ট্রেলিয়ার কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। দু’বছর বাদে আজ মিরপুর শের এ বাংলা স্টেডিয়ামে আরেকটি বিশ্বকাপের সেমিফাইনালে সেই একই প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এ গ্রূপের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন এক চ্যালেঞ্জই হয়তো অপেক্ষা করছে ক্যারিবীয় মহিলা দলের জন্য। এদিকে, সিলেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে নবম স্থান নির্ধারনী প্লে অফে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ মহিলা দল।
শ্রীলঙ্কায় গত বিশ্বকাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে ২৮ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। ঐ জয়ের পরে ফাইনাল জিতে শিরোপা জেতে অস্ট্রেলিয়া। চলতি আসরেও অস্ট্রেলিয়া আছে দারুন ফর্মে। নিউজিল্যান্ডের কাছ একটি ম্যাচের হার বাদে অন্য তিনটি ম্যাচেই পরিস্কার ব্যবধানে জয় পেয়েছে দলটি। তাছাড়া দলের টপ অর্ডারও আছে দারুন ফর্মে। দেলিসা কিমেন্সের বদলে এ ম্যাচে হয়তো দেখা যেতে পারে এলিসা ভিলানিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রূপ পর্বে ৯০ রানের দারুন ইনিংসটির পুরস্কার ভিলানি পেয়ে যেতে পারেন এ ম্যাচেই। অন্যদিকে, বরাবরের মতোই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটিং অর্ডারের নেতৃত্ব দেবেন দেবেন্দ্র ডটিন ও স্টেফানি টেইলর। ডটিনের স্পিনও যথেষ্টই কার্যকর হতে পারে মিরপুরের উইকেটে।
‘হোম অফ ক্রিকেটে’ দুপুর ২.৩০ এ শুরু হতে যাচ্ছে ম্যাচটি।
অন্যদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পরও বি গ্রূপে সবার নিচে থেকে শেষ করা বাংলাদেশ টুর্নামেন্টের শেষ ম্যাচে নামছে এ গ্রূপের তলানিতে থাকা আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সিলেটে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা খেলবে গতকাল রাতে হয়ে যাওয়া ভারত-পাকিস্তান ম্যাচের বিজয়ী দলের সঙ্গে।
