২০২১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ২৩:১৮
সঠিক নীতি বাস্তবায়ন হলে ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্য-আয়ের দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস-প্রেসিডেন্ট ফিলিপ হোরেরো। ছয়দিনের সফর শেষে তিনি গতকাল বাংলাদেশ ত্যাগ করেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্টজনদের সাথে সাক্ষাত্ করেন। এছাড়া বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত প্রকল্প পরিদর্শন করেন তিনি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশ সম্পর্কে আমি অনেক আশাবাদী, এদেশ ভ্রমণ করে আমি বুঝেছি বাংলাদেশের মানুষ অসাধারণ সহনশীল। যারা তাদের সন্তানদের ভবিষ্যত্ নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করছে, তারা ভাগ্য পরিবর্তন করতে বদ্ধপরিকর’। যথাযথ পলিসি বাস্তবায়ন হলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য-আয়ের দেশে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, চলতি অর্থবছরের মধ্যে বিশ্বব্যাংক আরো ২৭০ কোটি ডলার সহায়তার চুক্তি স্বাক্ষর করবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা খাতে অনেক ভালো বিনিয়োগ করেছে। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে, স্বাস্থ্যের উন্নতি হয়েছে, স্কুলে যাওয়া শিশুদের সংখ্যাও বেড়েছে। তিনি বলেন, মধ্য-আয়ের দেশে পরিণত হতে হলে বিদ্যুত্ ও যোগাযোগ খাতের উন্নয়নে যে ঘাটতি রয়েছে তা পূরণ করতে হবে। নগর ব্যবস্থাপনা,জলবায়ুর ঝুঁকি মোকাবেলার সক্ষমতা বৃদ্ধিসহ ব্যবসায়িক পরিবেশ উন্নতি করতে হবে। বিশ্বব্যাংক বাংলাদেশের অবকাঠামোর দুর্বলতাসহ বিদ্যুত্ ও যোগাযোগ খাতের উন্নয়নে পূর্বের মতো সহায়তা দিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।