কুমিল্লায় র্যাব পরিচয়ে অপহূত ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান শাওনের ৫ দিনেও খোঁজ মেলেনি বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। গতকাল বুধবার কুমিল্লা প্রেসক্লাবে শাওনের স্ত্রী ফারজানা আক্তার মুন্নী এক সাংবাদিক সম্মেলনে বলেন, গত ২৯ মার্চ ভোরে র্যাব পরিচয়ে শাওনকে নগরীর মুন্সেফ কোয়ার্টারের বাড়ি থেকে একটি গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। র্যাবের পোশাক পরিহিত লোকজন ঘুমন্ত শাওনকে ডেকে তুলে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পরে পুলিশ ও আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার কার্যালয়সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
ফারজানা আক্তার মুন্নী জানান, শাওনের নিখোঁজের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় তিনি একটি জিডি করেছেন।
সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নিখোঁজ শাওনের পিতা সেনাবাহিনীর সার্জেন্ট (অব.) কাজী আবদুল মতিন, মা আনোয়ারা বেগম, শাশুড়ি মেহেরুনুর নেছাসহ পরিবারের লোকজন। তারা শাওনের সন্ধানের জন্য আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ দাবি করেছেন।
এ ব্যাপারে র্যাব-১১ কুমিল্লার কমান্ডার মেজর শাহেদ হাসান রাজিব জানান, এ ঘটনার সাথে র্যাব-১১ এর কোন সম্পৃক্ততা নেই।
