হাইকোর্টের আদেশ সম্বলিত বার্তাটি ছিল ভুয়া

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ২৩:২২
বুড়িচং উপজেলা চেয়ারম্যানের শপথ স্থগিত চেয়ে সম্প্রতি রিট আবেদন করা হয়েছিল। কিন্তু রিটের শুনানির আগেই ‘হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে’ উল্লেখ করে একটি আইনজীবী প্রত্যয়নপত্র কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে ফ্যাক্স করা হয়। গত মঙ্গলবার ফ্যাক্সকৃত ওই প্রত্যয়নপত্রের ভিত্তিতে নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমানের শপথ পাঠ স্থগিত হয়ে যায়। এ নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন গতকাল বুধবার সকালে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির ডিভিশন বেঞ্চের নজরে আনেন উপজেলা চেয়ারম্যানের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এরপর আদালত দুপুরে ওই আইনজীবীকে (যার নাম সম্বলিত প্যাডে এই প্রত্যয়নপত্র দেয়া হয়েছে) তলব করে। পরে রিটের শুনানিকালে প্রমাণিত হয় আইনজীবীর প্রত্যয়নপত্র ও ফ্যাক্স বার্তাটি ছিল ভুয়া। পরে আদালত রিট আবেদনটি খারিজ করে আদেশ দেন। একইসঙ্গে শুনানির আগেই স্থগিতাদেশ সংক্রান্ত ভুয়া ফ্যাক্স বার্তা পাঠানোর সঙ্গে কোনো আইনজীবী জড়িত আছে কিনা তা তদন্ত করে ব্যবস্থা নিতে বার কাউন্সিলকে নির্দেশ দেয়া হয়। এদিকে তলব আদেশে বেলা দুইটার পর অভিযুক্ত অ্যাডভোকেট রানা কাওসার তার আইনজীবী নিয়ে আদালতে হাজির হয়ে প্রত্যয়নপত্র দেয়ার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ওই প্রত্যয়নপত্রের স্বাক্ষর তার নয়। জবাবে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, সুবিধাভোগীরাই ওই ফ্যাক্স বার্তার সঙ্গে জড়িত থাকতে পারেন। এ পর্যায়ে আদালত বলেন, এরকম প্রত্যয়নপত্র বিপজ্জনক। তারচেয়ে বিপজ্জনক হলো ভিন্ন একজন আইনজীবীর নামে স্বাক্ষর করে এরকম প্রত্যয়নপত্র দেয়া। প্রসঙ্গত, গত ২৩ মার্চ অনুষ্ঠিত বুড়িচং উপজেলা নির্বাচনে মিজানুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হন। আদালত রিট আবেদনটি খারিজ করে দেয়ায় তার শপথ নিতে আর আইনগত কোনো বাধা নেই। নির্বাচনে পরাজিত প্রার্থী সাজ্জাদ হোসেন রিটটি দায়ের করেছিলেন।