ভুলের শহরে কবি

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ১৯:৪৩
ভুলের শহরে কবি ভুল করে বেঁধেছে আবাস; বে-সুরো মাত্রাহীন চতুর প্রহরগুলো কুরে খায় কবির হূদয় কবি চায় উম্মুক্ত আকাশ, চায় দিন সারল্যে মোড়া চায় কবি সাবলীল হাওয়ার হিন্দোল। ও লাল কৃষ্ণচূড়া... নিকেলের বিকেলের রোদ... ও প্রিয় সূর্যমুখী... কেন আজ ঊর্ধ্বমুখী নও; চাতুর্যের ফেরে পড়ে তোমরাও মেকি হয়ে গ্যাছো! ভুলে ভুলে একাকার হয়ে গ্যাছে শহরের সমগ্র বিষয়; ‘পাখিসব করে রব’—কোথায় সে পয়ারের পাখি ‘কাননে কুসুমকলি...’ ফুটিতেছে কই? কোথাও পাবে না কবি স্বরমাত্রিক সুছন্দ আমেজ কোথাও পাবে না কবি রিমঝিম—স্বরবৃত্ত আদর চতুর বায়স শুধু কাকস্য গদ্য-স্বরে রোরুদ্য দুপুর কাঁপায়; বায়সের মতো আজ চাতুর্যে জ্বলছে সব নাগরিক চোখ। ভুলের শহরে কবি ভুল করে বেঁধেছে আবাস : জীবনের অন্ত্যমিল খূুঁজে-খুঁজে ব্যর্থ হয় কবি ফাঁকতালে কবি হতে উঠেছে মরিয়া হয়ে মাথামোটা আমলা ও নেশাবুঁদ ছদ্মবেকার। ভুলের শহরে কবি দিগভ্রান্ত আজ; চাঁদের উপমা নারী; চতুর পুরুষের মতো সেও আজ বুঝে গ্যাছে— কী হবে হূদয়ে পুষে প্রেমময় রাবীন্দ্রিক মেঘ! ভুলের শহরে কবি ভুল করে বেঁধেছে আবাস : এখানে আমলা নেতা জনতা রিকশাচালক টোকাই সবজিঅলা হকার বারাঙ্গনা কেরানি বুদ্ধিজীবী কলত্র পতি ও প্রেমী— সকলেই কুশলী চতুর; চতুর শহরে কবি বৃথাই হাতড়ে মরে কবিতার বিশুদ্ধ আবেগ; যে আবাস বেঁধেছে কবি সে আবাস ভেঙে বলো কবি আজ পালাবে কোথায়!