চেয়েছি, তোমাকে বলি—পোড়ামুখী, পথে পথে কেন
কাঁটা কুণ্ঠা অগ্নি আর্তি দগ্ধতার প্রখর প্রকোপ
ছড়িয়ে দিয়েছ সুখে। ভালোবাসাবশত বলেছি—
তোমার বাগানে যেন বার মাস রঙিন বাতাস...
চেয়েছি, তোমাকে বলি—পুনশ্চটা গল্প হবে কেন
গল্প তো তোমার ঠোঁটে, অবজ্ঞার এত রাত্রিদিন
থামিয়ে দিয়েছ ঘড়ি। ভালোবাসাবশত বলেছি—
তোমার পায়ের শব্দ পৃথিবীর শ্রেষ্ঠতম গান
চেয়েছি, তোমাকে বলি—যার হাতে গুঁজে দিলে হাত
সে তোমার বাড়াভাতে ভরসা কী দেবে না যে ছাই
আস্থায় রেখেছ তাকে! ভালোবাসাবশত বলেছি—
বাগানে বিষের ফোঁটা, তুমি শুধু কুসুমউত্থিতা
আসলে তোমাকে বলি—দাহ্যগুণে আগুনখ্যাতি
তারও মনে ইচ্ছা জাগে—ভাগ্য হবে নিজে পুড়িবার!
