তোমাকে ধরা আজো হলো না আমার
প্রথম প্রথম যখন তুমি বলতে—আমাকে ধরো,
বেশ লাগত আমার। তোমার হাতের ওপর হাত রাখি আমি।
তুমি বলতে, আরে না,—এ তো আমার হাত;
তুমি আমাকে ধরো।
আরো মজা লাগত। অলৌকিক আনন্দে আটখানা হয়ে—
তোমার কাঁধের ওপর রাখতাম আমার হাত,
তুমি বলতে—আরে ধুর, এ তো আমার কাঁধ;
তুমি আমাকে ধরো।
মনে মনে আরো আপ্লুত হয়ে উঠতাম
নিজের দুই হাতের তলে তুলে ধরতাম তোমার মুখ।
তুমি কপট রেগে বলতে, আরে বোকা, এ তো আমার মুখ;
তুমি আমাকে ধরো।
এবার অবাক হতে শুরু করি আমি। জাপটে ধরি তোমাকে।
একে একে স্পর্শ করি তোমার শরীর,
একে একে তুমি বলতে থাকো—না, না, না, তুমি আমাকে ধরো।
অনন্তকাল ধরে আমি তোমাকে স্পর্শ করে যাচ্ছি, ধরতে পারি না।
