রিয়েলিটি শো এর নামকরণে ‘যুদ্ধ’ থাকে কেন তার একটি অন্য ব্যাখ্যা থাকতে পারে। তবে ‘নাট্যযুদ্ধ’ নামের এই রিয়েলিটি শো এখন জেলায় জেলায় ঘুরছে। এতদিন একাধিক কণ্ঠশিল্পী-সুরকারদের বিচারকের আসনে ‘ইয়েস’-‘নো’ কার্ড দেওয়ার সুযোগ থাকলেও এবারে অভিনয়শিল্পীরাও নতুন প্রতিভা অন্বেষণে কাজ করছেন প্রতিনিয়ত। তেমনি বিচারকের দায়িত্ব পালন করছেন তমালিকা কর্মকার। দীর্ঘদিনের অভিজ্ঞ এই মঞ্চকর্মী জেলা পর্যায়ে ঘুরে নাট্যপ্রতিভাকে খুঁজতে গিয়ে তাই নাকাল প্রায়। তমালিকার কথায়, ‘এ এক নিদারুণ অভিজ্ঞতা। কারণ অন্য যেকোনো শিল্পর চেয়ে অভিনয়টা অনেক কঠিন। কারণ এখানে শিল্পীর ভোকাল, শারীরিক অঙ্গভঙ্গি, পড়াশোনা সবকিছুর প্রয়োজন হয়। তবে দারুণ এক অভিজ্ঞতা হলো। আমার মতে আমাদের এই অন্যরকম যুদ্ধে বেশ কিছু প্রতিভা উঠে আসবে।’
