লেবাননে সিরীয় শরণার্থী ১০ লাখে পৌঁছেছে

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২০:৫০
লেবাননে সিরিয়া থেকে পালিয়ে আসা শরণার্থীর সংখ্যা মিলিয়নের ঘর ছুঁয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সেদেশে নিবন্ধীকৃত শরণার্থীর সংখ্যা এখন ১০ লাখেরও বেশি। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর প্রধান জানিয়েছে, বর্তমানে পুরো বিশ্বের মধ্যে একেকজন শরণার্থীর ওপর সবচেয়ে বেশি ব্যয় করছে লেবানন। তিনি আরো বলেন, এটি ছোট্ট একটি জাতি হলেও ব্যাপক অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত হয়ে আছে। সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৯০ লাখের কিছু বেশি মানুষ দেশ ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছে। এদের মধ্যে ২৫ লাখ লোক তুরস্ক, জর্ডান, ইরাক, মিসর এবং অন্যান্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। তবে লেবাননের ওপর চাপটা যেন অন্যদের চেয়ে একটু বেশি। তাদের স্থানীয় জনসংখ্যার চার ভাগের এক ভাগই হল সিরীয় নাগরিক।—খবর বিবিসির