জাতিসংঘে ইরানের প্রতিনিধি হিসেবে এক জিম্মিকারীকে মনোনয়ন দেয়ায় অনেক জটিলতা সৃষ্টি হবে বলে জানিয়েছে ওবামা প্রশাসন। গত বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র একথা জানায়। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের এক সিনেটর জিম্মিকারী হামিদ আবুতালেবির মনোনয়নে বাধ সেধেছেন। আবুতালেবির জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ইরান যে আবেদন দিয়েছে তা বাতিল করে দিতে আইনসভার প্রতি আহ্বান জানাবেন ঐ সিনেটর। তাছাড়া এই ব্যক্তি একজন স্বীকৃত সন্ত্রাসী বলেও জানান সিনেটর। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ বলেন, আমরা মনে করি এই মনোনয়ন যথেষ্ট সমস্যার উদ্রেক করবে। ১৯৭৯ সালে মুসলিম শিক্ষার্থীদের দলের হয়ে তেহরানে মার্কিন দূতাবাস দখলে নেয় আবুতালেবি। সেই সংকটকালীন ৫২ জন আমেরিকার নাগরিককে ৪৪৪ দিন বন্দী অবস্থায় রাখা হয়েছিল। পররাষ্ট্র দপ্তরের ঐ মুখপাত্র আরো বলেন, আমরা এখন এই মামলার ওপর কড়া নজর রাখছি। এছাড়া এ বিষয়ে তাদের গভীর উদ্বেগের কথাও জানান তিনি। তবে ঐ ঘটনায় তার সামান্যই সংশ্লিষ্টতা ছিল বলে জানিয়েছেন আবুতালেবি।
