ভারতে দুটি ট্রেনের সংঘর্ষ
ভারতের উত্তর প্রদেশে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে বৃহস্পতিবার অন্ততপক্ষে ২ জন নিহত ও বেশ কিছু আহত হয়েছেন। লক্ষৌ থেকে ৪১০ কিলোমিটার দূরে শোনেভদ্রের ওবরা রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্মকর্্তারা বলছেন, সবুজ সংকেত না পাওয়ার কারণে বারানসি-শক্তিনগর নামে আন্তঃনগর ট্রেনটি স্টেশন থেকে একটু দূরে অবস্থান করছিল। ঠিক এ সময় যাত্রীবাহী কান্তি ট্রেনটি দাঁড়ানো আন্তঃনগর ট্রেনটির ওপর আঘাত হানে। ঘটনাস্থলেই দু’জন যাত্রী মারা যায়। বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। — এনডিটিভি
সাঁতার কাটতে গিয়ে হাঙ্গরের পেটে
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের এক জনপ্রিয় সৈকতের সাগরে সাঁতার কাটার সময় ৬৩ বছর বয়সী এক নারীকে হাঙ্গর ধরে নিয়ে গেছে। বৃহস্পতিবার ভোরে দ্য হোয়ার্ফ ও তাথরা গ্রামের মধ্যবর্তী সৈকতের সাগরে একটি দলের সঙ্গে সাঁতার কাটার সময় এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে পুলিশ কর্মকর্তা জ্যাসন এডমুন্ডস বলেন, “এ ঘটনার অনেক প্রত্যক্ষদর্শী আছে যারা ঘটনাটি ঘটতে দেখেছে। তাই এটি বলাই যায় যে একটি হাঙ্গর তাকে ধরে নিয়ে গেছে।” তার স্বামী একটি তিন থেকে চার মিটার লম্বা হাঙ্গরের অবয়ব দেখেছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর ওই নারীর দেহের সন্ধানে নৌকা ও হেলিকপ্টার যোগে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি ওই সৈকতটি বন্ধ করে দিয়েছে পুলিশ।
