গত ৭ বছর ধরে ঢাকার খিলগাঁওয়ের সিপাহীবাগ টেম্পো স্টেশন থেকে সিপাহীবাগ ক্লাব পর্যন্ত রাস্তার সংস্কার কাজ হয়নি। গত ৫ বছরে তিনবার টেন্ডার হওয়ার পর ওয়ার্ক অর্ডার হওয়ার পরও কাজটি কেন হলো না তা বোধগম্য নয়। আজ এলাকাবাসী রাস্তার বেহাল দশার কারণে প্রতিনিয়ত যানজটের শিকার হচ্ছে। বৃষ্টির দিন এলে রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না। খানা-খন্দকের কারণে অনেক সময় দুর্ঘটনাও ঘটছে। এই রাস্তা দিয়ে মেরাদিয়া, ভুঁইয়াপাড়া, ভূতের গলি, আদর্শবাগ, চারতলা গলি, মন্টু গলি ও নবাবী মোড়ের মানুষ যাতায়াত করে। এত জনগুরুত্বপূর্ণ রাস্তার আজ বেহাল অবস্থা। আশা করি শীঘ্রই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মো. সাখাওয়াত হোসেন
২৫২/২ খিলগাঁও সিপাহীবাগ,
খিলগাঁও, ঢাকা ১২১৯
