কুমিল্লার চৌদ্দগ্রামে, যশোরের বাঘারপাড়া, সিরাজগঞ্জের তাড়াশসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে মানুষ আহত, গবাদিপশুর মৃত্যু, বসতঘর, দোকান ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
চৌদ্দগ্রামে ২টি দোকান পুড়ে গেছে
কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী বাজারে গত বুধবার ভোরে অগ্নিকাণ্ডে দুটি দোকানের ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে জালাল ব্রাদার্স ও নূর স্টোর নামের দু’টি স্টেশনারী দোকানের মালামাল ভস্মীভূত হয়। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বাঘারপাড়ায় ৬টি বাড়ি ভস্মীভূত
যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট উত্তরপাড়া গ্রামে গত বুধবার দুপুরে অগ্নিকাণ্ডে ৬ বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে রেজাউল ইসলাম, আজগর আলী, সাঈদ হোসেন ও ওসমান হোসেনের ঘর পুড়ে যায়। আগুনে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। ফায়ার সার্ভিসের কর্মীরা একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত সাঈদ হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
তাড়াশের অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষতি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পশ্চিম সীমান্তের নাদোসৈয়দপুর বিলনাদো গ্রামে গত বুধবার দুুপুরে অগ্নিকাণ্ডে ৯টি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। এতে নগদ ২ লাখ টাকা, স্বর্ণালংকার, ৮টি ছাগল, শতাধিক হাঁস-মুরগি এবং আসবাবপত্র, রবিশস্য, ধান-চালসহ ২৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
শিবালয়ে ৫টি দোকান ও ৩২টি ঘরে অগ্নিকাণ্ড
মানিকগঞ্জ শিবালয় উপজেলার উথলী বাসস্ট্যান্ড ও দুর্গম আলোকদিয়ায় চরে গত বুধবার সকালে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও ৮টি বাড়ির ৩২টি ঘর পুড়ে যায়। এতে সওদাগর, জহিরুল, রব্বানী, শাহ আলম, আমোদালী, ইউসুফ, বদরুদ্দিন ও মকবুল ঘর পুড়ে যায়।
কাশিয়ানীতে ১০টি বসতঘর পুড়ে গেছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে গত বুধবার অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে ইকরাম শেখ, ইউনুস শেখ, কুদ্দুস শেখ, মিরাজ শেখ, মিরাজ শেখের দশটি বসতঘর খেসারি, মুসুরি, গমসহ চৈতালী ফসল স্বর্ণালংকার ও নগদ টাকা পুড়ে যায়। মিরাজ শেখের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
চরফ্যাশনে ৮ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন
ভোলার চরফ্যাশনের আঞ্জুরহাট বাজারে গতকাল বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুুড়ে গেছে। এ সময় আগুন নিভাতে গিয়ে ৫ ব্যক্তি আহত হয়েছেন। এতে প্রায় ২০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল হক জানান, রুহুল আমিন কনফেকশনারী স্টোর থেকে আগুনের সূত্রপাত।
রামুতে ২টি বাড়ি ভস্মীভূত
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল পাল পাড়ায় গত বুধবার সন্ধ্যায় ২টি বসতঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন: জেঠ পাল, দীলিপ ধর, আব্দুল হক, এনামুল হক, বিধান পাল, জিশান পাল, শিমুল পাল। এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
