নষ্ট হচ্ছে শিল্পী মোস্তফা আজিজের চিত্রকর্ম

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২১:১৯
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামের পৈত্রিক বাড়িতে শিল্পী মোস্তফা আজিজের শ’ শ’ শিল্পকর্ম সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। দেশের প্রখ্যাত এ স্কেচ শিল্পী সারা জীবন মানুষের ছবি এঁকেছেন। কবি গোলাম মোস্তফার ছেলে মোস্তফা আজিজ পথে পথে ঘুরতেন। আর মানুষের ছবি আঁকতেন। সামনে বসে মুহূর্তের মধ্যে পেন্সিল দিয়ে ছবি একে অবাক করে দিতেন। তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মওলানা ভাসানীসহ দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তির পাশাপাশি একেবারে হত দরিদ্র খেটে খাওয়া মানুষের ছবি আঁকতেন। এমনকি চিড়িয়াখানার পশুপাখিদের ছবিও এঁকেছেন তিনি। তার আঁকা ছবি নিয়ে বিভিন্ন পত্রিকায় নিবন্ধ লিখতেন। কোন পত্রিকায় লিখতেন গণমুখ, কোন পত্রিকায় লিখতেন বেলা অবেলার মুখ, আবার বাংলার মুখ। কবির মনোহরপুরের বাড়ির টিনের ঘরের বেড়ায় ঝুলানো আছে এমন অসংখ্য চিত্রকর্ম। এ ছাড়াও দুটি টিনের ট্রাংক ভর্তি আছে আরো বহু চিত্রকর্ম। এসব দুর্লভ চিত্রকর্ম অনাদরে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। তার চাচাতো ভাই দেখভাল করেন। তাদের এসব চিত্রকর্ম যথাযথ ভাবে সংরক্ষণের সামর্থ নেই। মনোহরপুর কবি গোলাম মোস্তফা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ খান নুন বলেন, শিল্পী মোস্তফা আজিজের শিল্পকর্ম সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগ প্রয়োজন। বিপুল সংখ্যক চিত্রকর্ম পড়ে থেকে নষ্ট হচ্ছে। মনোহরপুর ছাড়াও ঢাকায় শিল্পীর স্ত্রীর কাছে আরো কয়েকটি ট্রাংকে কয়েক হাজার চিত্রকর্ম রয়েছে। এগুলোরও একই অবস্থা বলে তিনি জানান। মৃত্যুর আগে এ বরেণ্য শিল্পীর আশা ছিল শৈলকুপায় শিশুদের জন্য একটি আর্ট স্কুল গড়ার। তার সে আশা পূরণ হয়নি।