ঝিনাইদহের শৈলকুপা শহরের অধ্যাপক আব্দুস সোবহান জ্বালানি সাশ্রয়ী পাম্প উদ্ভাবন করেছেন। এ পাম্পে প্রচলিত সেচ পাম্পগুলোর অর্ধেক জ্বালানি খরচ হয়। অথচ বেশি পরিমাণ পানি উঠে। পানির স্তর নিচে নেমে গেলেও সমস্যা হয় না। শৈলকুপা কৃষি ও প্রযুক্তি মেলায় তিনি এ পাম্পের সাহায্যে পানি তুলে সবাইকে দেখান। আব্দুস সোবহান জানান, ৩ বছর আগে তিনি জ্বালানি সাশ্রয়ী পাম্প উদ্ভাবন করেছেন। পরে পাম্পের আরো উন্নয়ন করেছেন। মাটির ১০ ফুট নিচে পানি উত্তোলন পাইপের ভিতর ফ্যান সেট করেন। এর ফলে পানির স্তর নিচে নেমে গেলেও পানি তোলা সম্ভব হয়। পানির স্তরের উচ্চতা যত কম হবে, তত জ্বালানি সাশ্রয়ী হবে। এ পাম্পে ছোট ফ্যান ও আরপিএম বেশি ব্যবহার করা হয়, যার কারণে জ্বালানি খরচ কম লাগে। ৩ অশ্বশক্তির একটি ইঞ্জিন দিয়ে ৪ ইঞ্চি ব্যাসের পাইপে পানি তোলা যায়। প্রচলিত মেশিনে ৪ ইঞ্চি ব্যাসের পাইপে পানি তুলতে ৬ অশ্বশক্তির ইঞ্জিন লাগে।
আব্দুস সোবহান আরো জানান, সাশ্রয়ী এয়ার কুলার মেশিনও তৈরি করছেন। এটিও হবে জ্বালানি সাশ্রয়ী। দীর্ঘক্ষণ ঘর ঠাণ্ডা রাখবে। অর্থাভাবে তিনি তার গবেষণা কার্য চালাতে পারছেন না। ঝিনাইদহ সরকারি নূরন্নেহার মহিলা কলেজের অংকের অধ্যাপক ছিলেন। অবসর নেয়ার পর তিনি বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা শুরু করেন। সফলও হয়েছেন।
