বগুড়ায় শহরের খান্দার এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ওষুধ তৈরির সময় বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ভিটামিন ও কফ সিরাপ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আয়ুর্বেদিক ওষুধের নামে সেখানে ক্ষতিকর দ্রব্য দিয়ে ভেজাল ওষুধ তৈরি হচ্ছিল বলে ভ্রাম্যমাণ আদালত জানিয়েছেন। এ সময় সেখান থেকে ঐ প্রতিষ্ঠানের ম্যানেজার মিজানুর রহমানকে আটক ও কারখানা সিলগালা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দুপুরে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সদর থানা পুলিশ ও পৌর সভার স্বাস্থ্য কর্মকর্তাকে নিয়ে খান্দার এলাকার নকল ঔষধের কারখানায় অভিযান পরিচালনা করেন। একটি ভাড়া বাড়ির নিচ তলায় ঐ ওষুধ কারখানায় ক্ষতিকর রংসহ বিভিন্ন ধরনের দ্রব্য ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ তৈরি হচ্ছিল। সেখানে কোন ক্যামিষ্ট বা ফার্মাসিষ্ট নেই, কিছু মহিলা কর্মী দিয়ে ওষুধ তৈরি করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে প্রতিষ্ঠানটির মালিক পালিয়ে যায়।
আটক কারখানার ম্যানেজার মিজানুরের দাবি, ওষুধ তৈরির জন্য তাদের বৈধ কাগজপত্র রয়েছে। এদিকে আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম জানিয়েছেন, অভিযান পরিচালনার সময় এ ধরনের কোন কাগজপত্র পাওয়া যায়নি।
আটক মিজানুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত তার বিরুদ্ধে কোন মামলা হয়নি।
