নওগাঁয় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে ক্লাস বর্জন

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২১:২১
নওগাঁর বদলগাছী উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদকে অপসারণ, ম্যানেজিং কমিটি গঠন ও শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বুধবার সকাল থেকে ক্লাস বর্জন করে বিদ্যালয়ে ব্যাপক ভাংচুর চালিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। সম্প্রতি স্কুলে প্রধান শিক্ষকের স্থলাভিষিক্ত হওয়ার জন্য তার স্ত্রী পাপিয়া সুলতানাকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। আবার নতুন করে আরও কয়েকজনকে মোটা অঙ্কের বিনিময়ে শিক্ষক নিয়োগ দেয়ার প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন করেছেন বলে অভিভাবকরা অভিযোগ করেছেন। এসব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার অভিভাবকদের মাঝে ক্ষোভ পুঞ্জিভূত হতে শুরু করে। এদিকে শারীরিক অসুস্থতা অজুহাত দেখিয়ে প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ স্কুলে না হলেও তার স্ত্রী সহকারী প্রধান শিক্ষক পাপিয়া সুলতানা উত্থাপিত অভিযোগ সত্য নয় উল্লেখ করে বলেন, স্কুলের প্রধান শিক্ষককে স্কুল থেকে বিতাড়িত করতে একটি মহল নানা চক্রান্ত করছে।