এসিল্যান্ড না থাকায় মোহনগঞ্জে জনদুর্ভোগ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২১:২২
নেত্রকোনার হাওরাঞ্চলীয় উপজেলা মোহনগঞ্জে সহকারী কমিশনার এসিল্যান্ড পদটি এক যুগ ধরে শূন্য রয়েছে। কৃষি নির্ভর এই উপজেলার মানুষ সরকারি জনসেবার পরিবর্তে হয়রানির শিকার হচ্ছে। বর্তমানে এ পদে দায়িত্ব পালন করছেন ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক। প্রশাসনিক কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) পদটি দীর্ঘদিন ধরে শূন্য থাকার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ দপ্তরের কাজ স্থবির হয়ে পড়েছে। জানা গেছে, সরকার ভূমির কার্যক্রমকে দুর্নীতিমুক্ত নির্ভেজাল করার লক্ষ্যে নির্দেশনায় জমির নাম খারিজ ও খাজনা বাধ্যতামূলক করায় নাম খারিজের বিষয়টি গুরুত্ব পায়। এই নাম খারিজের পক্ষগণকে শুনানির জন্য নোটিস জারি করতে হয়। সার্বক্ষণিক এই অফিসের প্রধান না পেয়ে বিপুল পরিমাণ জনগোষ্ঠী প্রতিদিন এসব কাজ নিয়ে চরম দুর্ভোগে পড়েছে। অফিস সূত্রে বলা হয়, এসিল্যান্ড ছাড়াও এই অফিসে কাননগো এবং ২টি অফিস সহকারীর পদ শূন্য রয়েছে। এ ব্যাপারে এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালনকারী মোহনগঞ্জের ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, জনগণকে সঠিকভাবে সেবা দিতে হলে এ পদের কর্মকর্তার অফিসে বসে সার্বক্ষণিক কাজ করা প্রয়োজন।