দশটি শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা গতকাল বৃহস্পতিবার একযোগে শুরু হয়েছে। গতকাল প্রথমদিনে ৮টি সাধারণ বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের আলিমে কুরআন মাজিদ ও কারিগরিতে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ গতকাল রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, এবারও এইচএসসি’র ফল ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হবে। প্রতিবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর সময় ১ এপ্রিল নির্ধারিত থাকলেও উপজেলা নির্বাচনের কারণে এবার দুই দিন পর পরীক্ষা শুরু হলো।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির পরীক্ষা নিয়ন্ত্রণ শাখার তথ্য অনুযায়ী, প্রথম দিনে অনুপস্থিত ছিল দশ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে ৪৫ জন পরীক্ষার্থী।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে দুই হাজার দু’জন, রাজশাহী বোর্ডের এক হাজার ১৩৯ জন, কুমিল্লা বোর্ডে এক হাজার ৬৫ জন, যশোর বোর্ডে এক হাজার ১৭০ জন, চট্টগ্রাম বোর্ডে ৬৮৩ জন, সিলেট বোর্ডে ৫৭৫ জন, বরিশাল বোর্ডে ৪৪০ জন, দিনাজপুর বোর্ডের ৭৪৫ জন, মাদ্রাসা বোর্ডের এক হাজার ২৫৭ জন এবং কারিগরি বোর্ডে এক হাজার ২৪৮ জন।
বহিষ্কার হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে দু’জন, রাজশাহী বোর্ডে একজন, কুমিল্লা বোর্ডে দু’জন, যশোর বোর্ডে তিনজন, বরিশাল বোর্ডে তিনজন, দিনাজপুর বোর্ডে তিনজন, মাদ্রাসা বোর্ডে চারজন এবং কারিগরি শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ২৭ জন।
পরীক্ষার আগের দিন বুধবার রাতে দেশের বেশ কয়েকটি জেলায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার দায়ে ব্রা???হ্মণবাড়িয়ায় ?তিনজন, শেরপুরে চারজনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে গুজব দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবছরই পরীক্ষা শুরু হওয়ার পূর্বে কিছু সুবিধাভোগী প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করে। মূলত টাকা কামানোর জন্য এরা এ কাজ করে। সারাদেশে প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি।
দশ বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে।
