সোনিয়ার গাড়ি নেই, নগদ অর্থ মাত্র ৮৫ হাজার রুপি

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২৩:০৭
ভারতের কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর নিজস্ব কোনো গাড়ি নেই। তার কাছে নগদ ৮৫ হাজার রুপি আছে। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উঠে এসেছে। হলফনামায় আরো দেখা যায়, ভারতে তার নামে নিজস্ব কোনো বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট নেই। ছেলের গাড়িতে চড়েই তিনি মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশনে অফিসে যান। খবর আইএএনএসের। বুধবার উত্তর প্রদেশের রায়বেরেলি আসনে মনোনয়নপত্র জমা দেন সোনিয়া গান্ধী। এসময় তিনি হলফনামায় তিনি তার সম্পদের বিবরণ তুলে ধরেন। বিবরণীতে দেখা যায়, তার ৮৫ হাজার রুপি নগদ অর্থ থাকার পাশাপাশি ব্যাংকে ৬৬ লাখ রুপি আছে এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া ২৩ লাখ রুপির সমপরিমাণ অলঙ্কার আছে। কংগ্রেস প্রধানের বিমা করা আছে ১২ লাখ রুপির এবং ১ কেজি ২৬৭ গ্রাম স্বর্ণ ও ৮৮ কেজি রৌপ্য আছে। তিনি গত অক্টোবরে ছেলে রাহুল গান্ধীকে ১৩ লাখ রুপি ধার দেন। গত নির্বাচনে তাঁর হলফনামায় ২ কেজি ৫১৮ গ্রামের স্বর্ণের কথা উল্লেখ ছিল। দিল্লির দেরা মান্ডি এবং সুলতানপুরের গ্রামে তিন একরের বেশি জমি আছে যার মূল্য প্রায় ৫ কোটি রুপি। ২০০৯ সালের হলফনামার সঙ্গে তুলনা করলে দেখা যায়, ৫ বছরে তার অর্থ বেড়েছে ১০ হাজার রুপির কিছু বেশি। সমপ্রতি ইউসিও ব্যাংকে তার অ্যাকাউন্টে দেখা যায়, ২৮ লাখ ৬১ হাজার রুপি আছে। তার আরবিআই বন্ড আছে এবং মারুতি টেকনিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডে ১০ টি শেয়ার আছে। গত নির্বাচনে ওয়েস্টার্ন ইন্ডিয়ান ট্যানারিস লিমিটেডে ৫শত শেয়ার আছে।