জনদুর্ভোগের কর্মসূচি দেবে না বিএনপি

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২৩:১২
জনগণকে সম্পৃক্ত করে সরকারের বিরুদ্ধে দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলা হবে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জনদুর্ভোগের সৃষ্টি হয়, এমন কোনো কর্মসূচি দেয়া হবে না। উপজেলা নির্বাচনে বিজয়ী বিএনপি-সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন সালাহউদ্দিন আহমেদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন বলেন, উপজেলা নির্বাচনে বিজয়ী বিএনপি-সমর্থিত প্রার্থীরা যাতে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে না পারেন, সে জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। পুলিশের মামলার পাশাপাশি সরকার-দলীয় সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় বিএনপি-সমর্থিত প্রার্থী ও কর্মীদের ওপর হামলা চালাচ্ছেন। এ জন্য তারা পালিয়ে বেড়াচ্ছেন। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন জনগণ বর্জন করেছিল। সদ্য শেষ হওয়া উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে জনগণ আশা করেছিল। কিন্তু সেই আশা নিরাশায় পর্যবসিত হয়েছে। তিনি বলেন, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় সন্ত্রাসী বাহিনীকে দিয়ে নিষ্ঠুর ও পৈশাচিকভাবে বিরোধী দল দমানোর জন্য কাজে লাগানো হচ্ছে। সন্ত্রাসীদের জুলুম-নির্যাতনে বিএনপি নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। গোপালপুরের বিভিন্ন গ্রাম এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে। এ ছাড়া শেষ ধাপের উপজেলা নির্বাচনের দিন থেকে সিলেট, লক্ষ্মীপুর, রাজবাড়ী, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিভীষিকাময় পরিবেশ বিরাজ করছে। তিনি বলেন, নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর, বাগেরহাটের রামপাল, সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালী, কিশোরগঞ্জের হোসেনপুর, কক্সবাজারের উখিয়া, ঝিনাইদহের কালিগঞ্জসহ সারাদেশে বিরোধী দল সমর্থিত প্রার্থী ও নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট লুটপাট, ভাংচুর, দলীয় কার্যালয় ভাংচুর, নেতাকর্মীদের মারধর, মামলা-হামলা অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুল সালাম প্রমুখ।