জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রদ্রোহিতার শামিল হিসেবে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে ১৪ দল। একই সঙ্গে বিএনপি-জামায়াতের চক্রান্তের বিরুদ্ধে এবং যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৮, ২৯ ও ৩০ এপ্রিল সারাদেশের জেলা ও বিভাগীয় শহরে গণসংযোগ ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে এ জোট।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে জোটের মুখপাত্র, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, দেশে গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। দেশি-বিদেশি ওই চক্রকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া একটি অবৈধ সরকারকে ক্ষমতায় বসাতে চান। তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের প্রথম রাষ্ট্রপতি এটা চিরন্তন সত্য। বিএনপি নেতারা অযাচিতভাবে দেশের প্রথম রাষ্ট্রপতি নিয়ে যে উক্তি করেছেন তা দেশবাসীকে আহত করেছে। ১৪ দলও তাদের বক্তব্যকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে।
মোহাম্মদ নাসিম বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে যখন দেশে লাখো কণ্ঠে সোনার বাংলা উচ্চারিত হয়েছে, সেই মুহূর্তে পরাজিত শক্তি নতুন ষড়যন্ত্র শুরু করেছে। তবে বিএনপির আন্দোলনের ডাকে আগেও কেউ সাড়া দেয়নি, এখনো কেউ দেবে না। বিএনপি নেত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে নৈরাজ্য সৃষ্টি করে দেশবাসীকে অনেক দুর্ভোগে ফেলেছেন, এখন শান্ত হন। গণতান্ত্রিক আচরণ করুন। আমরাও আপনাদের সাথে গণতান্ত্রিক আচরণ করবো।
বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী ২৮, ২৯ ও ৩০ এপ্রিল সারাদেশে অনুষ্ঠিতব্য সমাবেশে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা কে কোথায় থাকবেন তা নির্ধারণের দায়িত্ব দেয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিমকে।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমদু চৌধুরী, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, গণআজাদী লীগের হাজী আবদুস সামাদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ড. ওয়াজেদুল ইসলাম খান, ন্যাপের ইসমাইল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দি প্রমুখ।
