শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং দুর্নীতিকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে চিরতরে নির্মূল করতে চাই। নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলবোই। প্রচলিত শিক্ষা দিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা যাবে না। আমরা চাই যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা, বিশ্বমানের প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, চার কোটি পরীক্ষার্থীর জীবনকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে বিএনপি-জামায়াত জোট লাগাতার হরতাল-অবরোধের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে। শত ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করে হরতাল-অবরোধের মধ্যে ৩১ কোটি বই পহেলা জানুয়ারির মধ্যে সব স্কুলে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। তিনি বলেন, খালেদা জিয়া-তারেক রহমানদের স্বাধীনতার ৪৩ বছর পর জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বানানোর চেষ্টা হাস্যকর হলেও এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। দিশাহারা হয়ে বিএনপি-জামায়াত এখন জাতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল রাষ্ট্রপতির ভাষণের ওপর অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- অধ্যাপক ডা. এম আমানউল্লাহ, শামসুল হক দুদু, মনিরুল ইসলাম, এডভোকেট নাভানা আখতার, এডভোকেট মমতাজ বেগম, হোসনে আরা বেগম, শিরীন নাহিদ, সফুরা বেগম ও সলিম উদ্দিন প্রমুখ।
অধিবেশনের মেয়াদ বেড়েছে
দশম জাতীয় সংসদের চলতি অধিবেশন আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলতে পারে। কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ২৯ জানুয়ারি শুরু হওয়া এই অধিবেশন গতকাল ৩ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল। কয়েকজন সংসদ সদস্য ইত্তেফাককে জানান, ১০ এপ্রিল পর্যন্ত অধিবেশন চলবে বলে অনানুষ্ঠানিকভাবে তাদেরকে জানানো হয়েছে।
গৃহায়ণের স্থায়ী কমিটি পুনর্গঠন
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। জাতীয় পার্টির (জাপা) নূর-ই-হাসনা লিলি চৌধুরীকে এই কমিটির সদস্য করা হয়েছে। এর আগে আওয়ামী লীগের দবিরুল ইসলামকে সভাপতি করে গঠিত এই কমিটির একটি সদস্যপদ খালি ছিল। চিফ হুইপ আ.স.ম ফিরোজ কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।
