ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সজলের প্রথম চলচ্চিত্র ‘রানআউট’-এর শুটিং প্রায় শেষ দিকে। এরইমধ্যে আরও বেশ কিছু বড় বাজেটের চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর মধ্যে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে রয়েছে একটি। এই চলচ্চিত্রে সজলের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা মৌসুমী। শুধু তাই নয়, মৌসুমী ছবিটির পরিচালনাও করছেন। চলচ্চিত্রটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্মস। এই ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে মৌসুমী-পুত্র ফারদীন এশান স্বাধীনেরও। তিনি এই চলচ্চিত্রের মূল সহকারী পরিচালকের পাশাপাশি এডিটিং ও গ্রাফিক্সের কাজ করছেন। চলচ্চিত্রটি প্রসঙ্গে সজল বলেন, ‘প্রত্যেকটি অভিনেতারই থাকে চলচ্চিত্রের স্বপ্ন। সেই ধারাবাহিকতায় ‘রানআউট’ চলচ্চিত্র দিয়ে আমার স্বপ্ন শুরু হয়। তবে ছবিটি মুক্তি পাওয়ার আগেই অনেক চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছি এবং একাধিক চলচ্চিত্রে চুক্তিবদ্ধও হয়েছি। ইমপ্রেস টেলিফিল্মসের প্রযোজনায় মৌসুমীর পরিচালনায় এটি একটি বড় বাজেটের চলচ্চিত্র। সবদিক থেকেই চলচ্চিত্রটির প্রস্তুতি অনেক ভালো। দর্শকদের ভালোবাসার কারণেই ছোটপর্দায় আমার গ্রহণযোগ্যতা ছিল। আশাকরি, চলচ্চিত্রেও দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব এবং সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যাব।’
