এ দেশের ছোটপর্দার এক সময়কার তুখোড় অভিনেত্রী মিতা চৌধুরী। দীর্ঘদিন প্রবাস যাপনের পর আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন তিনি। তবে মিতা চৌধুরী এই প্রত্যাবর্তনের পর এবারে ছোটপর্দার চেয়ে চলচ্চিত্রের কাজেই বেশি মনোযোগী হয়েছেন। এ প্রসঙ্গে মিতা চৌধুরী বলেন, ‘আমি টিভি নাটকেও নিয়মিত কাজ করছি। খুব শিগগিরই আমার অভিনীত বেশ কিছু সিরিয়াল প্রচার শুরু হবে। এখনকার তরুণ নির্মাতাদের মধ্যে অনেকের কাজই আমাকে মুগ্ধ করে। আমি আসলে ভালো একটি চরিত্রের জন্য আজও মুখিয়ে থাকি। অনেকেই অবশ্য অভিনয়ের পাশাপাশি অনেক সৃজনশীলতার সাথে সম্পৃক্ত। আমি শুধু অভিনয়টাই করে যেতে চাই বাকি জীবন।’ খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকীর আলো’ চলচ্চিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী। এ ছবিটি মুক্তি পাবে খুব শিগগিরই। এ ছাড়া তরুণ নির্মাতা ইফতেখার হোসেন ফাহমির মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টু বি কন্টিনিউড’ ছবিটিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি আরও কিছু চলচ্চিত্রে কাজ করছেন। চলচ্চিত্রে নিজের কাজ প্রসঙ্গে মিতা চৌধুরী বলেন, ‘আমার কাছে ফাহমির কাজটি খুবই ভালো লেগেছে। এই ছবিটি নিয়ে আমি খুবই আশাবাদী ছিলাম। কিন্তু কেন যে ছবিটি আটকে রইল।’ এ ছাড়া ঢাকার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জার্মান প্রবাসী নির্মাতা অ্যাডাম দৌলার চলচ্চিত্র ‘বৈষম্য’। শিশুতোষ এই চলচ্চিত্রে কাজ প্রসঙ্গে মিতা চৌধুরী বলেন, ‘ভিন্ন গল্পের যেকোনো কাজই আমাকে টানে। আমি আসলে ভালো একটি চরিত্রের জন্য অপেক্ষা করতে থাকি। সে কারণেই ‘বৈষম্যে’র মতো একটি দারুণ চলচ্চিত্রে কাজ করেছি। ভবিষ্যতেও এ ধরনের যেকোনো চ্যালেঞ্জিং ব্যতিক্রমী চরিত্রে আমি কাজ করে যেতে চাই।’
