ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত বাতিল ইসরাইলের

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২১:০৭
নতুন দফায় ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত বাতিল করেছে ইসরাইল। স্বাধীন একটি রাষ্ট্রের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেতে ফিলিস্তিন জাতিসংঘের বিভিন্ন কনভেশনে স্বাক্ষরের সিদ্ধান্তের পর ইসরাইল এমন সিদ্ধান্ত নিলো। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে নতুন দফায় এই ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়ে শর্ত ছিলো, ফিলিস্তিন যেন স্বাধীন রাষ্ট্রের জন্য জাতিসংঘে আবেদন না করে। কিন্তু ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের ১৫টি কনভেশনে স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি অভিযোগ করেছেন শান্তি আলোচনায় ইসরাইল তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। অন্যদিকে ইসরাইলের আইনমন্ত্রী সিপি লিভনি বলেছেন, বন্দীদের মুক্তির বিষয়ে যে শর্ত ছিলো তা রক্ষা করতে পারেনি ফিলিস্তিন। এ কারণে বন্দীদের মুক্তির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এদিকে, ইসরাইল যেন ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয় এবং যেন তারা শান্তি আলোচনা অব্যাহত রাখে সে বিষয়ে মধ্যস্থতার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, ইসরাইলের এমন পদক্ষেপ নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। তবে হোয়াইট হাউজ মুখপাত্র জে কার্নি বলেছেন, এই শান্তি আলোচনায় ইসরাইল-ফিলিস্তিন দু’পক্ষই একে অপরকে প্রতিশ্রুতি ভাঙার জন্য দায়ী করলেও কেউ বলেনি যে তারা আলোচনা থেকে সরে আসতে চায়। ইসরাইলি এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, শর্তানুযায়ী ইসরাইল এই বন্দী মুক্তি দিতে পারে না। ফিলিস্তিনকে এক তরফা আচরণ বাদ দিয়ে আলোচনার টেবিলে এসে বসার আহ্বান জানিয়েছেন তিনি। শান্তি আলোচনার প্রক্রিয়া হিসেবে চতুর্থ দফায় এই বন্দীদের মুক্তি দেয়ার কথা ছিল ইসরাইলের। এর আগে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছিলো যদি ইসরাইল তাদের বন্দীদের মুক্তি না দেয় তাহলে তারা শান্তি আলোচনা থেকে সরে আসবে।