যুদ্ধ সত্ত্বেও সিরিয়ার নতুন একটি বাণিজ্যিক এয়ারলাইন কয়েকটি আরব শহরে আগামী মাস থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে। নতুন এয়ারলাইন কিন্দা’র চেয়ারম্যান নাইম আল জারা বৃহস্পতিবার এ ঘোষণা দিয়ে বলেন, ‘মে মাসের মাঝামাঝি আমরা প্রথম ফ্লাইটটি চালু করতে পারবো বলে আশা করি। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি।’
দামেস্ক ভিত্তিক এয়ারলাইন্স কিন্দা তিন বছর আগে প্রতিষ্ঠিত হয়। এটি ২০১৩ সালে লাইসেন্স পায়। ইতিমধ্যে এটি রাজধানী ও ভূমধ্যসাগরীয় বন্দর নগরী লাটাকিয়া থেকে কয়েকটি আরব শহরে যাওয়ার অনুমতি পেয়েছে। শহরগুলো হলো বাগদাদ, আম্মান ও কুয়েতসিটি। তবে এয়ারলাইন্সটি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও লেবানন যাওয়ার অনুমতির অপেক্ষায় রয়েছে। এদিকে কিন্দা জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স থেকে চারটি এয়ারবাস ভাড়া নিয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতির জন্য আরো একটি এয়ারবাস মজুদ রাখা হয়েছে।
