১৬ তালেবানকে মুক্তি দিয়েছে পাকিস্তান

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২১:০৮
তালেবানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে জঙ্গিগোষ্ঠীর ১৬ সদস্যকে মুক্তি দিয়েছে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অনুমোদনের পর তাদের মুক্তি দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। দক্ষিণ ওয়াজিরিস্তানের শীর্ষ সরকারি কর্মকর্তা ইসলাম জেব রয়টার্সকে বলেন, গত ১ এপ্রিল দক্ষিণ ওয়াজিরিস্তান প্রশাসন ১৬ জনকে মুক্তি দিয়েছে। পাকিস্তানের আফগান সীমান্ত-বর্তী উপজাতি অধ্যুষিত ওয়াজিরিস্তানে ২০০৯ সাল থেকে তালেবান জঙ্গিরা মাথা চাড়া দিয়ে উঠেছে। তাদের সহিংসতার মুখে অন্তত পাঁচ লাখ মানুষ ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে। তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনা শুরুর পর গত মাসে মোহমান্দ পশতুন উপজাতি এলাকায় জঙ্গি হামলায় ২৩ সেনা সদস্য নিহত হওয়ার পর তা ভেস্তে যায়। তালেবান অস্ত্রবিরতিতে না গেলে তাদের সঙ্গে কোনো আলোচনা সম্ভব নয় বলে জানিয়ে দেয় সরকার। এরপর গত ১ মার্চ থেকে এক মাসের যুদ্ধবিরতির ঘোষণা দেয় পাকিস্তান তালেবান। তবে সরকার তাদের দাবি পূরণে আন্তরিক নয় অভিযোগ করে অস্ত্রবিরতির সময় আর না বাড়ানোর ঘোষণা দিয়েছে জঙ্গিগোষ্ঠীটি।