মদন-জয়বাংলা সড়কে এপ্রোচে মাটি না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২১:১৬
নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে মদন-জয়বাংলা সড়কে ভুলুয়া ব্রীজের সংযোগস্থলে এপ্রোচে মাটি না থাকায় ভাটি অঞ্চলের সাথে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকার এই সড়কের গুরুত্ব অনুধাবন করে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে এই ব্রীজের নির্মাণ কাজ সম্পন্ন করলেও স্থায়ীভাবে এপ্রোচে মাটি না ফেলায় সামান্যতম সময়ে এর উপর দিয়ে যানবাহন চলাচল করলেও বালি-মাটি সরে যাওয়ায় বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে প্রতিদিন শত শত লোকজন যানবাহনে এসে পায়ে হেঁটে ব্রীজ পাড়ি দিয়ে অন্য যানবাহনে চড়ে কষ্টে যাতায়াত করছে। বিশেষ করে রোগী ও মালামাল নিয়ে কৃষকরা পড়েছে বিপাকে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী হায়দার আলী মিয়া জানান, এই সড়কের গুরুত্ব অনুধাবন করে ব্রীজের এপ্রোচের সংস্কার কাজ বাস্তবায়নের লক্ষ্যে ফেব্রুয়ারি মাসে সাড়ে ৪ লাখ টাকার প্রাক্কলন তৈরি করে প্রধান প্রকৌশলীর বরাবর প্রেরণ করা হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।