নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের কুলপোতাক গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন (২৫) নামের এক যুবককে বৃহস্পতিবার বিকালে ইভটিজিংয়ের ঘটনায় ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৫ জন স্কুলছাত্রীকে বাড়ি ফেরার পথে উত্ত্যক্ত করার পর বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। এসময় স্কুলের শিক্ষকরা বখাটে আলমগীর হোসেনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে অবহিত করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
