রংপুর-দিনাজপুর ভূমি রেকর্ড জোন

সহস্রাধিক মৌসুমী কর্মচারী নিয়োগ পাচ্ছে না

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২১:১৮
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতায় রংপুর-দিনাজপুর জোনের ৯৫টি অসমাপ্ত মৌজার মাঠ জরিপ কাজে নিয়োজিত প্রায় ১ হাজার মৌসুমী কর্মচারীর নিয়োগ না দেয়ায় তাদের পরিবার-পরিজনের ভবিষ্যত্ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতায় দীর্ঘ ২০ বছর ধরে মৌসুমী কর্মচারীরা ভূমি জরিপ, নকশা ও রেকর্ড প্রস্তুত করে ভূমি মালিকদের সত্যলিপি প্রদান করে আসছেন। রংপুর ও দিনাজপুর জোনের প্রায় ১ হাজার কর্মচারী ২০০৮-২০০৯ অর্থবছর পর্যন্ত মাঠ জরিপ করেছে। ২০০৯-২০১০ অর্থবছর থেকে সারাদেশে সাড়ে ৪ হাজার মৌসুমী কর্মচারী বেকার ও মানবেতর জীবন যাপন করে আসছেন। রংপুর জোনে ১৬টি, দিনাজপুর জোনে ৭৯টি অসমাপ্ত মৌজার মাঠ জরিপ কাজ সমাপ্তকরণের নিমিত্তে জোনাল সেটেলমেন্ট কর্মকর্তার চাহিদাপত্র অধিদপ্তরে প্রেরণের পরও অধিদপ্তর কর্মসূচি অনুমোদনসহ নিয়োগ না দেয়ায় রংপুর-দিনাজপুরের ৩শ’ সেটের প্রায় ১ হাজার মৌসুমী কর্মচারী চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন।