সময়মত ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতির দাবিতে নোয়াখালীর সেনবাগ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার পর থেকে ২০/২৫ জন মা ও অভিভাবক তাদের শিশু সন্তানদের টিকা দেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এসময় কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ই.পি.আই টেকনিশিয়ান গিয়াসউদ্দিন স্বপন। দীর্ঘ সময় ধরে ই.পি.আই টেকনিশিয়ানের জন্য অপেক্ষায় থাকা মা ও শিশুরা অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়। পরে বিষয়টি স্থানীয় এলাকাবাসী ও হাসপাতালে আগত অভিভাবকরা ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের সময়মত উপস্থিতি না থাকার প্রতিবাদে হাসপাতাল ঘেরাও এবং বিক্ষোভ মিছিল করে।
