তালায় ৫৫ জন মুক্তিযোদ্ধাকে সম্মানী ভাতা প্রদান

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২১:২০
সাতক্ষীরার তালায় ৫৫ জন মুক্তিযোদ্ধাকে সম্মানী ভাতা এবং ৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তির নগদ অর্থ বিতরণ করা হয়। এনিয়ে উপজেলায় ২৭৭ জন মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা গ্রহণের সুযোগ লাভ করলেন। নতুন বরাদ্দপ্রাপ্ত ৫৫ জন মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে তাঁদের হাতে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার। ভাতা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হারুন-অর-রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মফিজউদ্দীন, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দারসহ ভাতা গ্রহণকারী মুক্তিযোদ্ধারা এসময় উপস্থিত ছিলেন। নতুন বরাদ্দপ্রাপ্ত ৫৫ জন মুক্তিযোদ্ধাকে জুলাই ২০১৩ হতে ডিসেম্বর ২০১৩ পর্যন্ত ৬ মাসের সম্মানী ভাতা বাবদ প্রত্যেককে ১৮ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়া একই অনুষ্ঠানের মাধ্যমে ৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তির নগদ অর্থ বিতরণ করা হয়।