টাঙ্গাইল-৮ আসনের উপ-নির্বাচনে স্থগিত হওয়া একটি কেন্দ্রের পুনঃভোট ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ওই কেন্দ্রের মোট ভোটের চেয়ে কম হওয়ায় পুনঃভোট হতে যাচ্ছে। এ আসনে গত শনিবার উপ-নির্বাচন হয়। ওইদিন ১১৭ কেন্দ্রের মধ্যে ১১৬ কেন্দ্রের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
ইসির একজন জ্যেষ্ঠ সহকারী সচিব জানান, ৯১ নম্বর ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুরের মধ্যে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করা হয়। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অন্য কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করে ভোট স্থগিত ঘোষণা করেন।
ঘোষিত ১১৬ কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয় পেয়েছেন ৭৩ হাজার ৫৬৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক মিঞা হরিণ প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৩২৯। ফল স্থগিত থাকা ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ২ হাজার ৭০১। আওয়ামী লীগের শওকত মোমেন শাজাহানের মৃত্যুতে টাঙ্গাইলের বাসাইল-সখিপুর উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনটি শূন্য হয়।
