লন্ডনে টাওয়ার হ্যামলেটস মেয়র লুত্ফর রহমানের বিরুদ্ধে ব্রিটিশ মিডিয়া

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২১:৪৩
লন্ডনের টাওয়ার হ্যামলেটস বরোর বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাহী মেয়র লুতফুর রহমানের বিরুদ্ধে এক প্রকার কোমর বেঁধে নেমেছে ব্রিটেনের গণমাধ্যমগুলো। আগামী মে মাসে অনুষ্ঠিতব্য মেয়র নির্বাচনকে সামনে রেখে মেয়র লুতফুরকে নিয়ে প্রচারিত হচ্ছে নানা অনুসন্ধানী প্রতিবেদন। চেষ্টা হচ্ছে তাকে একজন কট্টর ইসলামপন্থি এবং বাঙালি কমিউনিটির প্রতি একপেশে হিসেবে উপস্থাপনের। এদিকে মেয়র লুতফুরকে নিয়ে বিবিসির প্যানোরমা অনুষ্ঠানের কিছু গোপন নথি ফাঁস করে দিয়েছে বাঙালি এক তরুণী। ফাঁস হওয়া ঐসব নথির ভিত্তিতে মেয়র লুতফুর রহমান বিবিসির বিরুদ্ধে বর্ণবাদ এবং ইসলাম বিদ্বেষের অভিযোগ এনেছেন। আবার এ তথ্য ফাঁসের ঘটনায় বিবিসি তার সোর্সদের গোপনীয়তা রক্ষা করতে পারেনি- পার্লামেন্টে এমন বিতর্কের পর মঙ্গলবার বিবিসি তার সোর্সদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছে। এসব ঘটনায় গত কয়েকদিন ধরে ব্রিটিশ গণমাধ্যমে তোলপাড় চলছে। ২০১০ সালে মিথ্যা অভিযোগে লুতফুর রহমানকে দল থেকে বহিষ্কার করে লেবার পার্টি। এ জন্য তখন লেবার পার্টিকে ৫০ হাজার পাউন্ড জরিমানাও গুণতে হয়েছিল। পরে লুতফুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে মেয়র নির্বাচিত হন। তিনি শুধু নির্বাচিত প্রথম বাঙালি মেয়রই নন, অ-শেতাঙ্গ হিসেবেও তিনিই প্রথম। আগামী মে মাসে অনুষ্ঠিতব্য মেয়র নির্বাচনে তিনি পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।