চাই বিজ্ঞানমনস্ক প্রজন্ম

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২১:৪৮
কয়েক দিন আগে বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করতে গিয়ে দেশের প্রথিতযশা একজন বুদ্ধিজীবী বলেছেন, দেশের বিজ্ঞান মেলাগুলোতে ‘মেলা’ থাকে ‘বিজ্ঞান’ থাকে না। এ কথা যথার্থই সত্য। বইমেলা, বাণিজ্যমেলা, বৃক্ষমেলা সব মেলাই নামকরণের মর্মবাণী হারিয়ে কেবল ‘মেলা’য় তথা লোকসমাবেশে পরিণত হয় মাত্র। বিষয়টি স্পষ্টভাবে উপলব্ধি করার জন্য বিজ্ঞানমনস্ক বৃদ্ধিজীবীকে অবশ্যই সাধুবাদ দেওয়া প্রয়োজন। আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে বিজ্ঞানের আবিষ্কৃত যন্ত্রপাতি ব্যবহার করছি, কিন্তু বিজ্ঞানমনস্কতা অর্জন করতে পারছি না। যে কারণে সম্প্রতি প্রধানমন্ত্রী বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনের ওপর জোর দিয়েছেন এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, কৌতূহলী করে গড়ে তোলার জন্য প্রয়োজন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ের সঙ্গে প্রায়োগিক বিজ্ঞানশিক্ষায় শিক্ষিত করে তোলা। এজন্য দেশের স্কুলগুলোতে বিজ্ঞানবিষয়ক শিক্ষক নিয়োগ করে ছাত্রছাত্রীদের মেধাকে বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তোলা জরুরি। স্কুলগুলোতে বিজ্ঞানাগার, বিজ্ঞানবিষয়ক বইপত্র, চার্ট ও প্রয়োজনীয় উপকরণে সমৃদ্ধ করাও দরকার। সত্যি কথা বলতে কী বিজ্ঞানের আলো ছাড়া আমরা অন্ধে পরিণত হবো। আমাদের অনেক কিশোর-তরুণ নানাবিধ বিজ্ঞান যন্ত্র আবিষ্কার করছে। তাদের উপযুক্ত পৃষ্ঠপোষকতা দিয়ে উদ্বুদ্ধ করা প্রয়োজন জরুরিভিত্তিতে। আমাদের দারিদ্র্যবিমোচন, অশিক্ষা দূরীকরণে সর্বোপরি অস্তিত্ব সংরক্ষণের স্বার্থে বিজ্ঞানকে আমাদের আশ্রয় করতে হবে। একমাত্র বিজ্ঞানই বাঙালি জাতিকে বাঁচাতে পারে বর্তমানের প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীতে। বিজ্ঞানশিক্ষার সহায়ক পরিবেশ তৈরির জন্য সচেতন সব মানুষের কাছে আমার আবেদন— ভবিষ্যতে বিজ্ঞানমেলা যেন শুধু মেলা না হয়ে অনেক বৈজ্ঞানিক আবিষ্কারের মেলা হয় সে লক্ষ্যে কাজ করুন। ঢাকা