ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম গতকাল শুক্রবার গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে ওই কারগার থেকে মুক্তি পান তিনি। ওই কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ জানান, গত বৃহস্পতিবার রাতে তার জামিনের কাগজপত্র কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই বাচাই শেষে গতকাল তাকে মুক্তি দেয়া হয়।
গত ১৬ মার্চ বাংলামোটরে বাসে আগুন দেয়ার মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণের পর মির্জা ফখরুলের সঙ্গে আব্দুস সালামকে কারাগারে পাঠায় আদালত। পরে গত ১৮ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তাকে স্থানান্তর করা হয়। এ মামলায় গত বুধবার জামিন আবেদনের শুনানি করে হাইকোর্টের বিচারপতি বোরহান উদ্দিন ও কেএম কামরুল কাদেরের বেঞ্চ তাকে ৬ মাসের জামিন দেয়।
গতকাল মুক্তিলাভের পর কারা ফটকে পরিবারের সদস্য ছাড়াও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
