বিজেপি ক্ষমতায় গেলে কংগ্রেসের সিদ্ধান্ত উল্টে দিতে পারে

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২২:৫৮
নির্বাচন-পূর্ব বিভিন্ন জরিপের ফল বলছে, আসন্ন লোকসভা নির্বাচনের মাধ্যমে ভারতের শাসন ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে বিরোধী দল বিজেপির। দলটি ক্ষমতায় আসলে ভারতের খুচরা বাজারে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) অনুমোদনের সিদ্ধান্ত বদলাতে পারে। নির্বাচনী ইশতেহারে এমনই প্রতিশ্রুতি দিতে যাচ্ছে বিজেপি। চলতি সপ্তাহেই এই ইশতেহার ঘোষণা করা হবে। আগে ধারণা করা হয়েছিলো বিজেপি ক্ষমতায় আসলে ক্ষমতাসীন ইপিএ জোট সরকারের এফডিআই সিদ্ধান্ত বদলাবে না। কিন্তু দলের সিদ্ধান্ত এখন অনেকটাই স্পষ্ট যে, তারা খুচরা বাজারে এফডিআই অনুমোদন করবে না। এ সিদ্ধান্ত হলে এতোদিন ধরে ভারতে বিনিয়োগ করতে চাইছিলো এমন বিদেশি সুপারমার্কেট গ্রুপগুলো ক্ষতিগ্রস্ত হবে। বিজেপি সূত্র জানায়, খুচরা বাজারে বিদেশি বিনিয়োগ ভারতের জন্য খারাপ হবে। এজন্য বিজেপি সব সময় এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিলো। ২০১২ সালের সেপ্টেম্বরে খুচরা বাজারে এফডিআই অনুমোদন করেছিলো কংগ্রেস। এটিকে ইউপিএ জোটের একটি বড় সিদ্ধান্ত বলে বিবেচনা করা হয়ে থাকে। বিশ্লেষকদের মতে, ভারতের অর্থনীতির জন্য এখন বিদেশি বিনোয়োগ খুবই জরুরি। কিন্তু বিজেপি এ ধরনের সিদ্ধান্ত নিলে তা সম্ভাব্য বিনিয়োগকারীদের নেতিবাচক বার্তা দেবে। এছাড়া বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীকে সব সময় ব্যবসাবান্ধব বলে বিবেচনা করা হয়ে থাকে। এ সিদ্ধান্ত তার জন্য বিপত্তির কারণ হতে পারে। এবারের নির্বাচনী প্রচারণায় মোদী গুজরাট সরকারের সুশাসন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির রেকর্ডকে তুলে ধরছেন। এছাড়া ব্যবসায়ের নিয়ম-কানুনও সহজ করার অঙ্গীকার করেছে।