আফগানিস্তানে আজ প্রেসিডেন্ট নির্বাচন

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২৩:০২
আফগানিস্তানে আজ শনিবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে কঠোর নিরাপত্তার মধ্যেও এসোসিয়েটেড প্রেসের (এপি) দুইজন বিদেশি নারী সাংবাদিককে গুলি করা হয়েছে যাদের মধ্যে একজন নিহত হয়েছেন। নির্বাচনে বিজয়ী নতুন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ে স্থলাভিষিক্ত হবেন। এই প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। খবর বিবিসির। হামিদ কারজাই ২০০১ সালে তালেবানের পতনের পর থেকে ক্ষমতায় আছেন। সংবিধানের বিধান অনুযায়ী কেউ দুইবারের বেশি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ফলে হামিদ কারজাই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। চলতি বছর ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে। ফলে নিরাপত্তা কতটা বজায় থাকবে এবং দেশের স্থিতিশীলতা আদৌ স্থায়ী হবে কিনা সেই বিষয়ে আশঙ্কা আছে। নির্বাচনী নিরাপত্তায় সারা দেশে দুই লাখ সৈন্য নিয়োজিত রয়েছে। তালেবান নির্বাচন বানচালের হুমকি দিয়েছে। প্রত্যেকটি ভোট কেন্দ্রেই নিরাপত্তার জাল বোনা হয়েছে। ভোট কেন্দ্রের ভেতরে পুলিশ এবং বাইরে সেনা সদস্যদের নিয়োগ করা হয়েছে। সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নির্বাচনে জয় লাভ করতে হলে শতকরা ৫০ ভাগ ভোট পেতে হবে। প্রেসিডেন্ট পদের জন্য ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আব্দুল্লাহ এবং জালমাই রাসৌল এবং সাবেক অর্থমন্ত্রী আশরাফ ঘানি আহমেদাজাই রয়েছেন। হোয়াইট হাউজের প্রেস সচিব জে কার্ণি সোমবার বলেছেন, আফগাস্তািনে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখতে ক্ষমতার স্থিতিশীল এবং গ্রহণযোগ্য হস্তান্তর প্রয়োজন। আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও গতকাল পাকিস্তান সীমান্তবর্তী খোস্ট শহরে এপি’র দুই নারী সাংবাদিককে গুলি করেছে পুলিশ। এদের মধ্যে আনজা নিদরিংহাস নামের একজন নিহত হয়েছেন। আনজার সহকর্মী ক্যাথি গ্যানোনের অবস্থা স্থিতিশীল। এপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, দুই সাংবাদিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে নিজেদের গাড়িতে যাচ্ছিলেন। তাদের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনী ছিল। কর্মকর্তারা গাড়িতে করে খোস্ট থেকে তানি জেলায় ব্যালট পেপার নিয়ে যাচ্ছিলেন। তাদের সঙ্গে একজন দোভাষী এবং একজন ফ্রিল্যান্স সাংবাদিক ছিলেন। তারা গাড়ির পেছনের আসনে বসেছিলেন। এর মধ্যে হঠাত্ করে ইউনিট কমান্ডার চিত্কার করে উঠলো এবং ‘আল্লাহু আকবর’ বলে গুলি করা শুরু করলো। এরপর সে পুলিশের অন্য সদস্যদের কাছে আত্মসমর্পন করে। ৪৮ বছর বয়সী ফটো সাংবাদিক আনজা নিদরিংহাস জার্মান নাগরিক এবং ইরাকে সাংবাদিকতার সবচেয়ে সম্মানজনক পুলিত্জার পুরস্কার বিজয়ী। ক্যাথি গ্যানোন (৬০) আফগানিস্তানে এপি’র ব্যুরো প্রধান হিসেবে কাজ করছেন বহুদিন ধওে এবং সমপ্রতি তিনি বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।