সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় ইউনিয়ন যুবলীগ নেতা রবিউল ইসলামকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার রাতে গোপীনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবলীগের সদস্য ও গ্রামের মৃত জাফর আহমদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গত বৃহস্পতিবার সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় একটি চায়ের দোকানে রবিউলকে লক্ষ্য করে সন্ত্রাসীদের ৫/৬ জনের একটি দল কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় গুলিবিদ্ধ যুবলীগ নেতা ঘটনাস্থলেই মারা যান।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রবিউলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
