লাইফ সাপোর্টে এ্যাপোলো হাসপাতালে এমপি হিরন

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২৩:০৩
বরিশাল সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরন ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছেন। গতকাল শুক্রবার এ্যাপোলো হাসপাতালের চিকিত্সকদের বরাত দিয়ে হিরনের পরিবারের সদস্যরা এ কথা জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪ মিনিটে তাকে নিয়ে থাইল্যান্ডের একটি এয়ার এ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছায়। সঙ্গে ছিলেন স্ত্রী জেবুনেচ্ছা আফরোজ ও কন্যা রোশনী হোসেন তৃনা। সাবেক চীফ হুইপ এলজিইডি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আব্দুল্ল¬াহ, জাহাঙ্গীর কবির নানক এমপি, পংকজ দেবনাথ এমপি ও বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ অন্য নেতারা বিমান বন্দরে হিরনকে গ্রহণ করেন। সেখান থেকে দ্রুত তাকে এ্যাপোলো হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়। দেয়া হয় লাইফ সাপোর্ট। প্রসঙ্গত, গত ২২ মার্চ রাতে মস্তিষ্কে রক্তক্ষরণের পর হিরনকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ মার্চ উন্নত চিকিত্সার জন্য তাকে সিঙ্গাপুরে গ্লেনঈগল হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সেখান থেকে এয়ার এ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর পথিমধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় এ্যাম্বুলেন্স উড়োজাহাজটি ব্যাংককে জরুরি অবতরণ করে। তাত্ক্ষণিকভাবে তাকে নেয়া হয় সেখানকার বামরুনগ্রাদ হাসপাতালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি জানার পর বিকল্প ব্যবস্থায় হিরনকে দেশে পাঠানোর নির্দেশ দেন। পরে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সে দেশের একটি এয়ার এ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। হিরনের শয্যা পাশে এরশাদ বাসস জানায়, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি ও দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি শুক্রবার রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরন এমপিকে দেখতে যান।