স্ন্যাক্স শিল্প!

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ১৯:০০
শিল্পকে কখনও কখনও তুলনা করা হয় আত্মার খাবারের সঙ্গে। তবে আত্মার পাশাপাশি কোনো কোনো শিল্প যে শরীরের খাদ্যও হতে পারে সেই ব্যতিক্রমী সত্যটিকেই সম্প্রতি নিজের কাজের মাধ্যমে তুলে ধরেছেন ইংল্যান্ডের প্রখ্যাত খাদ্য শিল্পী নাথান উইবার্ন। কার্ডিফের বাসিন্দা নাথান নানা সময়ে খাদ্য পরিবেশনায় তার শিল্পীত রূচির ছোঁয়া দিয়ে আলোচনায় এলেও এবার রীতিমতো খাদ্যদ্রব্য দিয়েই শিল্প সৃষ্টি করে আলোচনায় এসেছেন। আর স্ন্যাক্স বা বিস্কুটের মতো হালকা নাশতা দিয়ে তৈরি নাথানের একাধিক শিল্পকর্ম নিয়েই এখন লন্ডনের হোয়াইট স্পেস গ্যালারিতে চলছে ‘জ্যাকব’স স্ন্যাক হ্যাপি এক্সিবিশন’ নামের বিশেষ এক প্রদর্শনী। মূলত নানা সময়ের স্মরণীয় ও বরণীয় ব্রিটিশ ব্যক্তিত্ব আর সেলিব্রেটিদের মুখাবয়ব আর বিশ্বের ঐতিহাসিক বেশ কিছু স্থাপনা ও ঐতিহ্যের শিল্পীত রূপই উঠে এসেছে নাথান ও তার এক সহকারীর শিল্প প্রদর্শনীতে। আর এই সব শিল্পকর্ম তৈরিতে ব্যবহূত হয়েছে বারো হাজার টুইগলেটস্, ৫৪ কেজি ক্রিম ক্র্যাকার্স এবং ১০ কেজি মিনি চ্যাডার্স। অন্যদিকে বিস্কুট বা স্ন্যাক্স জাতীয় এইসব উপকরণ ব্যবহার করে যেসব শিল্পকর্ম তৈরি করা হয়েছে তার মধ্যে রয়েছে ডিউক অ্যান্ড ডাচেস অব ক্যামব্রিজ, শেরি কোল, হ্যারি স্টাইলস, টুইগি, ফিলিপ শোফিল্ড ও হলি উইলোবিদের মতো খ্যাতনামাদের পোর্ট্রেট এবং স্টোনহেঞ্জ ও এঞ্জেল অব নর্থের মতো স্থাপনার প্রতিকৃতি। সবমিলিয়ে ২৪ ঘণ্টা সময় নিয়ে বানানো এইসব শিল্পকর্মে শিল্পীর সাক্ষরের জায়গাটিতেও ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন নাথান ও তার সহকারী এমা। নিজেদের সাক্ষরের পরিবর্তে যে খাদ্য উপাদানটি দিয়ে শিল্পকর্মটি তৈরি হয়েছে সেটির একটি টুকরোই তারা সেঁটে দিয়েছেন সাক্ষরের জায়গাটিতে।