সুমন-আলিফের ‘কোথায় তুমি’

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ১৯:৫৬
অর্থহীনের সুমন হিসেবেই তার পরিচয়টা সবচেয়ে সার্থক। এর বাইরে আলিফের গানের ধরন বা গানের পারিপার্শ্বিকতাও রক ঘরানার। দীর্ঘদিন ব্যান্ডের সাথে সম্পৃক্ত থেকে বর্তমানে ফোরটিন্থ ফ্লোর ব্যান্ডের সাথে সম্পৃক্ত। আমাদের দেশে রক গায়িকারা খুব বেশিদিন তাদের ব্যান্ডের সাথে টিকে থেকেছেন এমন কোনো নজির নেই। কিন্তু আলিফ এ ক্ষেত্রে একেবারেই ব্যতিক্রমী উদাহরণ। ক্যারিয়ারের বিভিন্ন মোড় থাকলেও ব্যান্ড মিউজিকের সাথেই আজও সম্পৃক্ত তিনি। এই দুই রক ঘরানার শিল্পী প্রথমবারের মতো একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘কোথায় তুমি’। সুমনের কথা ও সুরে এটি কোনো অ্যালবাম নয়। বরং একটি সিঙ্গেলস হিসেবে বাজারে আসবে। এখনও গানটির লেবেল চূড়ান্ত করেননি তিনি। তবে এরই ভেতরে গানের রেকর্ড শেষ এবং এর মিউজিক ভিডিও তৈরিরও পরিকল্পনা চলছে। গানটি প্রসঙ্গে আলিফ আলাউদ্দিন বলেন, ‘আমার কাছে এটি একটি দারুণ কাজ হয়েছে। যারা সফট মেলো ঘরানার গান পছন্দ করেন, তাদের জন্য এটা একটি স্পেশাল গান। খুব শিগগিরই আমরা একটি দারুণ ভিডিওর পরিকল্পনা করছি।’ খুব শিগগিরই দর্শকেরাও তা উপভোগ করতে পারবেন বলে জানান।