টি-টোয়েন্টি থিম সং আমার ক্যারিয়ারের অন্যতম একটি কাজ :পূজা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ১৯:৫৭
সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী পূজা তার নতুন অ্যালবাম নিয়েই বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। চ্যানেল আইয়ের ‘সেরা কণ্ঠ’ রিয়েলিটি শো থেকে যারা গানে এসেছেন তাদের ভেতরে পূজা সবচেয়ে এগিয়ে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল থিম সংয়েও কণ্ঠ দিয়েছেন তিনি। পূজার কথায়, ‘টি-টোয়েন্টি থিম সং আমার ক্যারিয়ারের অন্যতম একটি কাজ।’ তার তৃতীয় একক অ্যালবাম ‘পূজা রিটার্নস’। মোট ১১টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। অ্যালবামের গানগুলোর সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ, বালাম, বাপ্পা মজুমদার, আরফিন রুমি ও ইমরান। অ্যালবামটিতে গানগুলো লিখেছেন অনুরূপ আইচ, জাহিদ আকবর, শাহান কবন্ধ, রবিউল ইসলাম জীবন ও ফয়সাল। অ্যালবামটিতে দুইটি ডুয়েট গান থাকছে। যেগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কাজী শুভ। আসছে পহেলা বৈশাখে মুক্তি পেতে যাচ্ছে পূজার এই তৃতীয় একক অ্যালবামটি। অ্যালবামটি নিয়ে পূজা বলেন, ‘এটি আমার তৃতীয় একক অ্যালবাম। আগের দুইটি অ্যালবাম করার পর শ্রোতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছি। আর এই অ্যালবামটি নিয়ে দর্শক-শ্রোতাদের প্রত্যাশার মাত্রাটাও অনেক। সে কথা মাথায় রেখেই গান বেঁধেছি। এর ভেতরে একটি গানের ভিডিও তৈরির জন্য দেশের বাইরে যাওয়ারও প্ল্যান রয়েছে।’ এর আগে ২০১০ সালে রিলিজ পায় পূজার প্রথম একক অ্যালবাম ‘প্রজাপতির মন’। এরপর ২০১২ সালে ভালোবাসা দিবসে রিলিজ পায় তার দ্বিতীয় একক অ্যালবাম ‘পূজা’। উল্লেখ্য, পূজা ২০০৮ সালে যোগ দেন ‘সেরাকণ্ঠ’ রিয়েলিটি শোতে। সেখানে শীর্ষ দশে জায়গা করে নেন। এরপর থেকেই মিডিয়ায় পথ চলা শুরু পূজার।