সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘বৈশাখী ফ্লোরিডা’ আয়োজিত মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠেছিল সাউথ ফ্লোরিডার বাঙালি সমাজ । অনুষ্ঠানটি সামিরা আব্বাসীর সাবলীল উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে ওঠে। নতুন প্রজন্মের প্রবাসী বাঙালি শিশু শিল্পী উস্মিতা, লাভীনা, সামিরা, অমৃতা উদ্বোধনী সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু করে।
সামিরা আব্বাসী পরিবেশন করেন দেশাত্মবোধক সংগীত ও নজরুলের গান। এই অনুষ্ঠান প্রসঙ্গে সামিরা আব্বাসী বলেন, ‘চমত্কার এই অনুষ্ঠানে আমরা প্রবাসী বাঙালিরা দেশের স্বাধীনতার সোনালি দিনটিকে উদযাপন করলাম নতুন প্রজন্মের এক ঝাঁক বাঙালি শিশুদের সাথে, যারা আমাদের গান, আমাদের কবিতা থেকে চিনে নেবে সোনার বাংলাদেশকে।’
সমবেত কণ্ঠে উদ্দীপক দেশাত্মবোধক গানে মুখরিত ছিল ডেলরে বিচের অনুষ্ঠান প্রাঙ্গণ । সুমন সিরাজী, সোহাগ উদ্দীন, শায়না, জেসমিন, পিয়ালী, আলম শাহ প্রমুখ শিল্পীরা সংগীত পরিবেশন করেন ।
প্রায় চার ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানের শেষে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করা হয়।
