পৃথক ঘটনায় ১৮ জনের মৃত্যু

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪১
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। নওগাঁয় যুবকের মৃত্যু ঝড়ের কবলে পরে নওগাঁর পত্নীতলা উপজেলার ক্রন্দন গ্রামে গাছের ডালের চাপায় শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবকের শুক্রবার ভোর রাতে মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। মিরসরাইয়ে বজ্রপাতে একজনের মৃত্যু চট্টগ্রামের মিরসরাইয়ে বজ পাতে একজনের মৃত্যু হয়েছে। গত শুত্রবার সকালে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের চরশরত্ এলাকায় এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ছিদ্দিক আহমদ (৪২)। সে ওই এলাকার বাসিন্দা মৃত হাবিবুর রহমানের ছেলে। সেনবাগে স্কুল ছাত্রের লাশ উদ্ধার নোয়াখালীর সেনবাগ পৌর শহরের ৫নং ওয়ার্ডের কাদরা গ্রাম থেকে আরিফ হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার সকালে থানা পুলিশের একটি দল তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে। আরিফ ওই গ্রামের সৌদি প্রবাসী মো. ইউছুফের ছেলে এবং পার্শ্ববর্তী মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। সান্তাহারে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে শুক্রবার আলামীন (২৭) নামের এক যুবক গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আলামীন সান্দিড়া গ্রামের সাহের আলীর পুত্র। এব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। পূর্বধলায় যুবলীগ নেতা খুন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মহিষবেড় গ্রামের যুবলীগ নেতা মোহন মিয়াকে (৩৫) পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আ. কাদিরের ছেলে আজিজুল ও তার সহযোগীরা কুপিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। সে মহিষবেড় গ্রামের মৃত রওশন আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতেই আজিজুলের মা ও চাচা সমর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। গত শনিবার পর্যন্ত আজিজুলও তার সঙ্গীদের পুলিশ গ্রেফতার করতে পারেনি। চকরিয়া ও পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ শ্রমিক নিহত কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় বজ্রপাতে দুই লবণ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকালে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে ও পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের লবণ মাঠে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন টেকপাড়া এলাকার কবির আহমদের ছেলে আলা উদ্দিন (২৮) ও ঘোষাল পাড়া এলাকার আবু তাহেরের ছেলে জামাল হোসেন (২৪)। দামুড়হুদায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন মাদকদ্রব্য বিক্রি করতে নিষেধ করায় মাদকবিক্রেতার ছুরিকাঘাতে নিহত হয়েছে করিমন চালক সাহেব আলী ওরফে শাহিন (৩০)। শুক্রবার সকালে দামুড়হুদার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব জানান, রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শাহিনকে ছুরিকাঘাতে আহত করে একই গ্রামের আলম হোসেনের ছেলে ডালিম হোসেন। ডালিম ও শাহিন পরস্পর চাচাতো ভাই। আশাশুনিতে গাছ চাপা পড়ে গৃহবধূ নিহত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামে শুক্রবার সকালে গাছ চাপা পড়ে রমেছা খাতুন (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আসগার আলীর স্ত্রী। মুন্সীগঞ্জে অজ্ঞাত পরিচয় যুবতীর লাশ উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির দেউল বাড়ি ব্রিজ সংলগ্ন সেরাজুদ্দিন মুন্সীর পরিত্যক্ত ভিটার হিজল গাছের সাথে দড়ি দিয়ে ফাঁস লাগানো এক অজ্ঞাত পরিচয় (১৮) যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে সে আত্মহত্যা করেছে না তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি । গুরুদাসপুরে কবিরাজি চিকিত্সায় ব্যবসায়ীর মৃত্যু নাটোরের গুরুদাসপুর উপজেলার চন্দ পুর উত্তরপাড়া গ্রামে কবিরাজি চিকিত্সায় ইউসুফ রেহমান (২৪) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ওই ঘটনা ঘটে। নিহত ইউসুফ এরশাদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের চাচা আব্দুল গফুর বাদি হয়ে কবিরাজ আসরাফ আলীকে (৩৮) অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পার্বতীপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা পার্বতীপুরের পূর্ব সুখদেবপুর গ্রামে কেয়া শুক্রবার (২৪) নামের এক ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তার পিতার নাম মাজেদুর রহমান। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। মীর্জাগঞ্জে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু মীর্জাগঞ্জ উপজেলা সদরস্থ সুবিদখালী বন্দরের মো. কবির গাজীর কন্যা পঞ্চম শ্রেণীর ছাত্রী সাথী আক্তার গত শুক্রবার স্থানীয় শ্রীমন্ত নদীর ঘাটে গোসল করতে গিয়ে পা ফসকে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর নদীর ষ্টিল ব্রিজের নিকট থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পীরগঞ্জে লাশ উদ্ধার রংপুরের পীরগঞ্জে লাল মিয়া (৩৫) নামে একব্যক্তি হত্যা কাণ্ডের শিকার হয়েছে। শুক্রবার মির্জাপুর মিরারপাড়ায় আখিরা খালের ওপর নির্মাণাধীন ফুট ব্রিজের সন্নিকট থেকে তার লাশ উদ্ধার হয়। জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে বাজার করার উদ্দেশ্যে লাল মিয়া বাড়ির পাশে চাতাল বাজারে যায়। সেখানে একটি স্টলে রাতে টেলিভিশন দেখে। কিন্তু সে রাতে বাড়ি ফেরেনি। পরদিন শুক্রবার সকালে বর্নিতস্থানে তার লাশ পাওয়া যায়। চট্টগ্রামে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু চট্টগ্রামে জাকির হোসেন (১২) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। জাকির নগরীর কোতোয়ালি থানাধীন সিঅ্যান্ডবি মসজিদ কলোনিতে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের এক নারী প্রকৌশলীর বাসায় কাজ করতো। এ ঘটনায় কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য প্রকৌশলীর স্বামীকে আটক করেছে পুলিশ। দোহারে নবজাতকের লাশ উদ্ধার ঢাকার দোহার উপজেলার এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার মধুরচর এলাকা পদ্মা নদীর তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়। রাজৈরে কিশোরী বধূর রহস্যজনক মৃত্যু ঘর করা হলো না রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের খালিয়া দক্ষিণ পাড়া গ্রামের গোপাল মন্ডলের কিশোরী মেয়ে খালিয়া রাজারাম ইনস্টিটিউশনের ৭ম শ্রেণীর ছাত্রী পুতুল মন্ডলের (১৫)। মেহেদী পাতার রং না শুকাতেই পারিবারিক ও পারিপার্শ্বিক যাঁতাকলের শিকার হয়ে ঝরে পড়ল কিশোরী পুতুলের প্রাণ। সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে পুতুল শুক্রবার সন্ধ্যায় মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় রাজৈর হাসপাতালে ভর্তির পর চিকিত্সাধীন অবস্থায় পুতুল মারা যায়। ডাক্তার প্রদীপ কুমার জানায়, পুতুল বিষ পান করেছিল। ছাতকে ট্রাক চাপায় শ্রমিকের মৃত্যু সুনামগঞ্জের ছাতকে ট্রাক চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে ছাতক পৌরসভার কাটিটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিধান দেব (৩৮) উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী গ্রামের কৃষ্ণ দেবের পুত্র। সে পৌর শহরের মন্ডলীভোগ এলাকার ভাড়াটে বাসায় বসবাস করছে।