লাকসামে ডেম্যু ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪৩
দুর্ঘটনাকবলিত ট্রেন দেখতে এসে ওই ট্রেনে কাটা পড়েই লাকসামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল শনিবার সকালে লাকসাম-নোয়াখালী রুটের দৌলতগঞ্জ স্টেশনের আউটার সিগন্যালে। জানা গেছে, ওইদিন সকালে নোয়াখালীগামী ডেম্যু ট্রেনের সাথে বালু ভর্তি একটি ট্রাক্টরের সংঘর্ষ ঘটে। এতে ট্রেনের দরজা-জানালা ভেঙ্গে যায়। পরে দুর্ঘটনাকবলিত ট্রেনটি কোনোরূপ হুইসেল না দিয়েই প্রথমে সামনে গিয়ে হঠাত্ পিছন দিকে চলতে থাকলে কিছু বুঝে ওঠার আগেই লাইনের ওপরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্র তানিমুল আহমেদ তুহিন (১৩) ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। তুহিন লাকসাম পাইলট হাইস্কুলের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র। স্কুলে আসার পথেই ঘাতক ট্রেন তার প্রাণ কেড়ে নেয়। সে লাকসাম পৌরসভার নশরতপুরের মতিউর রহমানের ছেলে।