মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
আজ ২৪ মে মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ গণহত্যা দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদারবাহিনীর বর্বর হত্যাযজ্ঞের এ দিনটিকে উপজেলাবাসী ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করে।
অপরদিকে এখানে স্মৃতিসৌধ নির্মাণের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি থাকলেও তা পূরণ হয়নি।
১৯৭১ সালের ২৪ মে পাকহানাদারবাহিনী রাজাকারদের সহযোগিতায় উপজেলার রামচন্দ্রপুর বাজার সংলগ্ন হিন্দু অধ্যুষিত গ্রাম বাখরাবাদে নৃশংস গণহত্যা চালিয়ে প্রায় দেড় শতাধিক হিন্দু নারী-পুরুষকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা শেষে বাড়িঘরে আগুন দিয়ে লুটপাট করে। পাকহানাদারবাহিনী হত্যাযজ্ঞের পর হিন্দু সম্প্রদায়ের ২১ জন ব্যক্তিকে পার্শ্ববর্তী দেবিদ্বার ক্যাম্পে ধরে নিয়ে পরদিন ১৮ জনকে একসঙ্গে গুলি চালিয়ে হত্যা করে। এদের মধ্যে দক্ষিণ বাখরাবাদ গ্রামের শহীদ হরেন্দ্র চন্দ্র সাহার ছেলে ভাগ্যক্রমে বেঁচে যান হরেকৃষ্ণ সাহা।
বাখরাবাদ গণহত্যার প্রত্যক্ষদর্শী রামচন্দ্রপুর উত্তর ইউপি চেয়ারম্যান সফু মিয়া সরকার জানান, বাখরাবাদ গণহত্যা মুক্তিযুদ্ধের ইতিহাসে এক ট্র্যাজেডি।

