ধামইরহাটে পোকা দমনে পার্চিং ও আলোর ফাঁদ ব্যবহার

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪৩
ধামইরহাট উপজেলায় ধানের ক্ষেতের পোকা দমনে ব্যবহূত হচ্ছে পার্চিং ও আলোর ফাঁদ, কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে এই পদ্ধতি। সরেজমিনে, উপজেলার সাতানা গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে আলাল হোসেনের সবুজ ধানের ক্ষেতে দেয়া বিভিন্ন ধরনের পার্চিং শোভা পাচ্ছে। পার্চিং-এ বসে পাখিরা পোকা মাকড় খেয়ে ফেলছে। এ বিষয়ে উপজেলা সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম জানান, কৃষকেরা মাঠে ২ ধরনের পার্চিং ব্যবহার করতে পারে। যা জীবন্ত পার্চিং ও মৃত পার্চিং নামে পরিচিত। ক্ষেতে পার্চিং ব্যবহার করা হলে পার্চিংয়ের উপর বসে পাখিরা পোকা-মাকড় খেয়ে ফেলায় কৃষককে তুলনামূলক কম পরিমাণ কীটনাশক প্রয়োগ করতে হয়। এ ছাড়া আলোর ফাঁদ তৈরি করে কৃষকেরা উপকার পাচ্ছেন। উপজেলার প্রায় ৯০ ভাগ ধানের জমিতে কৃষকেরা পার্চিং ও আলোর ফাঁদ পদ্ধতি ব্যবহার করছে বলে তিনি মনে করেন। এ বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধকরণের প্রক্রিয়া চলমান থাকায় আগামীতে কৃষকদের পার্চিং ও আলোর ফাঁদ ব্যবহারের হার বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন।